সিরাজগঞ্জের সলঙ্গায় শনিবার সকালে টমেটো বোঝাই পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকার খান আবাসিক হোটেলের সামনে এ অভিযান চালানো হয়। এ সময় ৩৫৬ বোতল ফেনসিডিলসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
 
আটকরা হলেন, দিনাজপুরে নবাবগঞ্জ থানার প্রাণ কৃষ্ণপুর চরার হাস গ্রামের রুহুল আমিনের ছেলে সৈয়দ রেজাউল করিম ও একই থানার আমবাগান গ্রামের আশরাফ আলীর ছেলে রবিউল ইসলাম।
 
র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম.এম.এইচ ইমরান শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দিনাজপুর থেকে ঢাকাগামী টমেটো বোঝাই একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ৩৫৬ বোতল ফেনসিডিলসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
 
এছাড়া মাদক পাচারের কাজে ব্যবহৃত ২টি মোবাইল, ২টি সিম, ৭ হাজার ২০০ টাকা ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।