অনলাইন ডেস্ক:: কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বিজিবির দুই সদস্য।
রোববার ভোরে উপজেলার নোয়াপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. সাকের উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচ-৬ এর বাসিন্দা খায়রুল আমিনের ছেলে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ইয়াবার বড় চালান আসছে, এমন সংবাদে নোয়াপাড়ায় বিজিবির একটি দল টহল দিচ্ছিল। কিছুক্ষণ পর তিন-চারজনকে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধে উঠতে দেখে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। একপর্যায়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালান মাদক ব্যবসায়ীরা। এতে বিজিবির দুই সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাকেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি আরো জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দুই লাখ ৪০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, দুইটি কার্তুজের খালি খোসা ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।