বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে মিনি ট্রাকের চাপায় ২ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে, দ্বিতীয় বাইপাস মহাসড়কের খামারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খামারকান্দি পশ্চিমপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও একই এলাকার মৃত আফছার আলীর ছেলে দুলাল হোসেন (৪০)।
পুলিশ জানায়, স্থানীয় দেলোয়ার হোসেন (৪৫) ও দুলাল হোসেন (৪০) সকালে ঘুম থেকে উঠে সড়কের ধারে বসে ছিলো। এ সময় রংপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দর্জি শ্রমিক দেলোয়ার ও কৃষক দুলালের। পাশে দাঁড়িয়ে থাকা আরো এক পথচারীও আহত হন।
উল্টে যাওয়া ট্রাকটির চালক ও হেলপার দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে মিনি ট্রাকটি আটক করে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম রেজা জানান, নিহতদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। পিক-আপের চালক ও হেলপারকে চিহ্নিত করতে চালানো হচ্ছে চেষ্টা।