বরগুনা প্রতিনিধি: বরগুনায় রাতের আধারে চাল চুরি করার সময় হাতেনাতে খাদ্যগুদাম কর্মকর্তাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে ডিবি পুলিশ তাদের আটক করে।

এসময় ৫৯৪ কেজি চাল এবং আলামত হিসেবে একটি চার্জার লাইট, তিনটি লোহার হুক, দুটি বোঙ্গা সুঁই ও প্রায় আধা কেজি সুতলী উদ্ধার করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে এ ঘটনার সাথে সম্পৃক্ত আরো বেশ কয়েকজন পালিয়ে গেছে বলে জানা যায়। আটককৃতদের মঙ্গলবার ভোর রাতে বরগুনা খাদ্যগুদাম থেকে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় আটককৃতরা হলেন, বরগুনা সদর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল্লাহ আল মামুন বিপ্লব (৪২), জেলা খাদ্য নিয়ন্ত্রকের গাড়ি চালক মাসুম বিল্লাহ (৩৫), নিরাপত্তা প্রহরী আব্দুর রহমান (৩৫) ও মোহাম্মদ শাহিন (৩৭), খাদ্য গুদামের শ্রমিক ফোরকান মুসুল্লি (৩২), বিনয় (৫৫) এবং আব্দুস সোবহান (৬০)।

এদিকে এ ঘটনায় জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন তালুকদার বাদি হয়ে এই সাতজনকে আসামি করে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেছেন।এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহজাহান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বরগুনা খাদ্যগুদামে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করে জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন তালুকদারকে ঘটনাস্থলে আসতে বলেন। পরবর্তীতে ঘটনার বিস্তারিত জেনে জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন তালুকদার বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন।