মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুকের দাবিতে মোসাম্মাৎ রহিমা বেগম নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টার মামলায় স্বামী ইমাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমাম উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের শামসুল আলমের ছেলে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি আ.জ.মো. মাসুদুজ্জামান।
ওসি জানান, শুক্রবার সন্ধ্যায় ওই গৃহবধুর ভাই মো. হাসান শেখ বাদী হয়ে ভগ্নিপতি (গৃহবধুর স্বামী) ইমাম হোসেনকে প্রধান করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। গ্রেফতার ইমাম হোসেনকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।মামলা সূত্রে জানা যায়, ছয় বছর আগে জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউপির দক্ষিণ ঝনঝনিয়া গ্রামের আলমগীর হেসেনের মেয়ে রহিমা বেগমের সঙ্গে জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউপির ঘোষের টিকিকাটা গ্রামের শামসুল আলমের ছেলে ইমাম হোসেনের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই স্বামী ইমাম হোসেন তাকে ২ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিয়ে আসছে। ওই টাকা না দেয়ায় সামান্য অজুহাত দেখিয়ে নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবারো যৌতুকের টাকার জন্য চাপ দেয়।
এ সময় সে টাকা আনার অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করা হয়। পরে তাকে হত্যার জন্য পরনে থাকা শাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ওই রাতেই তাকে বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহকারী সার্জন রাজু চন্দ্র সরকার জানান, তার শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে তাই তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।