অনলাইন ডেস্ক: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (১৯ জুন) খন্দকার মোশাররফ হোসেন নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জাহিদ বেপারীও এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতে তার করোনা আক্রান্তের খবর পেয়েছি।শুক্রবার দুপুর আড়াইটার দিকে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন একটি জাতীয় গণমাধ্যমকে জানান, তিন-চার দিন আগে পরীক্ষা করিয়েছি। গতকাল (বৃহস্পতিবার) রিপোর্ট পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমার তেমন কোনো উপসর্গ ছিল না। জ্বর-কাশি বা অন্য কোনো উপসর্গও নেই এখনো। আসলে পরীক্ষা না করালে বুঝতেই পারতাম না যে আমিও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছি।
তিনি আরও বলেন, অন্যদের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলাম। রেজাল্ট পজিটিভ এলেও অবশ্য মানসিকভাবে ঠিক আছি। বাসায় স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিচ্ছি।ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বর্তমানে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।