নিজস্ব প্রতিবেদক।। বরিশালে আম গাছে এক রশিতে প্রিন্স ও তৃষ্ণা নামে প্রেমিক যুগলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ জুলাই) ভোরে বরিশালের উজিরপুরের জল্লা ইউনিয়নের ইন্দুকানি গ্রামের খোকন রায়ের বাড়ির আম গাছে তাদের ঝুলন্ত লাশ পাওয়া যায়। এরপর এলাকাবাসী পুলিশকে খবর দিলে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
জানা যায়, উপজেলার জল্লা ইউনিয়নের ইন্দুরকানি গ্রামের খ্রিস্টান সম্প্রদায়ের এক সন্তানের জনক প্রিন্সের (২৫) সঙ্গে একই গ্রামের তৃষ্ণার (১৭) গত দুই মাস ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়।
প্রিন্স ৮ বছর পূর্বে প্রেম করে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মিনুকে বিয়ে করেন। তাদের সংসারে চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময় প্রিন্স ও তৃষ্ণার মৃত্যু হয়েছে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া প্রিন্সের মোবাইল ফোনে তার লেখা একটি মেসেজ থেকে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেতে পারে। ওই মেসেজে লেখা রয়েছে ‘আমরা স্বেচ্ছায় আত্মহত্যা করেছি। আমাদের মৃত্যুর পরে এই মোবাইল ফোনটি যে পাবেন তার কাছে অনুরোধ আমাদের দুজনকে যেন এক সঙ্গে এক কবরে সমাধিস্থ করা হয়’।
উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, প্রিন্স ও তৃষ্ণার মৃত্যু রহস্য উদ্ঘাটনে তাদের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।