অনলাইন ডেস্ক:: ইলিশ রক্ষায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বিভিন্ন চরে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে আকাশপথে অভিযান পরিচালনা করেছেন নৌপুলিশ সদস্যরা। এ সময় পদ্মা নদীতে ইলিশ ধরার কাজে নিয়োজিত ৯৪টি ট্রলার ডুবিয়ে দেয়া হয় এবং পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে ৬৭ লাখ মিটার কারেন্ট জাল।

সোমবার দিবাগত রাত ২টার দিকে পদ্মা নদীতে এ অভিযান চালায় নৌপুলিশ ও মৎস্য অফিস।মাওয়া নৌপুলিশের ইনচার্জ সিরাজুল কবির বলেন, নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানের নেতৃত্বে পদ্মার বিভিন্ন চরে ইলিশ রক্ষায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন চর ও নদী থেকে ৯৪টি ট্রলার ও ৬৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে ৯৪টি ট্রলার পদ্মায় ডুবিয়ে দেয়া হয়েছে। ওই কারেন্ট জালটিও পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এ ঘটনায় চার জেলেকে আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।