অনলাইন ডেস্ক:: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম হোসেনসহ (২৯) দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সাদ্দামের বিরুদ্ধে খুন, ধর্ষণ, অপহরণ ও অস্ত্র আইনসহ ৫টি মামলা রয়েছে এবং হাবিবুর হত্যা মামলায় পলাতক আসামি।
জানা যায়, ‘সন্ত্রাসের জনপদ বেগমগঞ্জের ৮ ইউনিয়ন, ‘১৯ বাহিনীতে ঘুম হারাম’ শিরোনামে গত ১৫ অক্টোবর দৈনিক যুগান্তর প্রথম পাতায় সংবাদ প্রকাশ করা হয়েছিল।
ওই ১৯ বাহিনীর মধ্যে সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দামকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হলো। যুগান্তরে সন্ত্রাসী বাহিনীর ওপর ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর প্রতিদিন সন্ত্রাসী ও বেআইনি অস্ত্রধারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে কোটরা মহব্বতপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় খুন, ধর্ষণ, অপহরণ ও অস্ত্র আইনসহ ৫টি মামলার আসামি সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া রাতে তুলাচারা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি হাবিবুর রহমানকে একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
গত জাতীয় সংসদ নির্বাচন-২০১৯ চলাকালে গোপালপুর ইউনিয়নের তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত আনসার সদস্য মো. নূর নবী হেঞ্জু (৪৫) হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার হাবিবুর রহমান। সে দীর্ঘদিন পলাতক ছিল।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, গ্রেফতার সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম হোসেন এবং হাবিবুর রহমানের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে।