পিরোজপুরের ইন্দুরকানীতে অবৈধভাবে পাঁচ বস্তা সরকারি চাল বিক্রির সময়ে ডিলারসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রবিবার সন্ধ্যার পরে উপজেলা সদরের ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে। আকটকৃতরা হলেন- ফেয়ার প্রাইজের চালের ডিলার মোহাম্মদ বাহারুল (৫৪) ও রিকশাচালক শাহ আলম (৫৩)।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে নিজ গোডাউন থেকে রিকশাযোগে ৩০ কেজি চালের ৫টি বস্তা নিয়ে যাচ্ছিলেন বাহারুল। এ চালগুলো তিনি বাজারের আদম আলী সড়কের আশ্রাব আলীর দোকানে বিক্রি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় বাজারের সাধারণ জনতার বিষয়টি সন্দেহ হলে রিকশাসহ বাহারুলকে আটক করে তারা।
এসময় এ চাল কিসের এমন প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে পুলিশ এসে চালের ডিলার বাহারুল ও রিকশাচালক শাহ আলমকে আটক করে থানায় নিয়ে যায়। এমনকি আশ্রাব আলীর দোকানে তল্লাশি করে খাদ্য অধিদপ্তরের লোগো সমৃদ্ধ চালের ৬টি খালি বস্তা উদ্ধার করে পুলিশ।
ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, পাঁচ বস্তা চালসহ দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।