মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারে চুরির অভিযোগে আসিক চৌকিদার (১৫) নামে এক স্কুলছাত্রকে শারীরিকভাবে অমানবিক নির্যাতন চালিয়েছে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম ভাষাই ও তার লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় ওই স্কুলছাত্রকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে এ নির্যাতনের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য ওঠেপড়ে লেগেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। নির্যাতনের শিকার স্কুলছাত্র জেলার খইয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে উপজেলার বিভিন্ন সচেতন মহল। রোববার সকাল থেকে এ নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় সৃষ্টি হয়।
নির্যাতিত স্কুলছাত্রের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, সম্ভাব্য ওই চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম ভাষাইয়ের ভাই কালাই শিকদারের উপজেলার ডাসার এলাকার কোমলাপুর বাজারের হার্ডওয়্যারের দোকানে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চুরি হয়। এ চুরির ঘটনার অভিযোগ এনে ওই নির্যাতনের ঘটনা ঘটে।
স্থানীয় একটি প্রভাবশালী মহল এ ঘটনা কাউকে না জানানোর জন্য চাপপ্রয়োগ করে ওই অসহায় স্কুলছাত্রের পরিবারকে। নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় মুখ খুলতে সাহস পাচ্ছে না ওই নির্যাতিত পরিবার।
মানবাধিকার কর্মী মিঠুসহ বেশ কয়েকজন বলেন, একজন স্কুলছাত্রকে চুরির অভিযোগে এভাবে নির্যাতন করা ঠিক হয়নি। দেশে আইন আছে তারা ব্যবস্থা নিতে পারত।
স্কুলছাত্রের বাবা হিমজাল চৌকিদার বলেন, আমার ছেলেকে মিথ্যা চুরির অভিযোগে ভাষাই ও তার লোকজন নির্যাতন করেছে। আমি তাদের বিচার চাই।অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী ভাষাই বলেন, চোর মারলে কী হয়? তাই মারা হয়েছে।এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহম্মদ আবদুল ওহাব বলেন, বিষয়টি শুনেছি। যদি শিশুটির পরিবার অভিযোগ করে তাহলে ব্যবস্থা নেয়া হবে।