বাউফল প্রতিনিধি:: লাউগাছ লাগানোকে কেন্দ্র করে রানী বেগম (৫৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। শনিবার সকালে উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে  এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুষ্প বেগম (৪৫) নামে এক নারীকে পুলিশ আটক করেছে।জানা গেছে, ঘটনার দিন সকাল ৮টার দিকে আবুল কাশেম রাঢ়ীর স্ত্রী রানী বেগম বাড়ির সামনের রাস্তার পাশে লাউগাছ লাগাচ্ছিলেন। এ সময় একই বাড়ির আবদুল হালিম (৫০) ও তার স্ত্রী পুষ্প বেগম বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল হালিম দায়ের উল্টো পাশ দিয়ে রানী বেগমের ঘাড়ের ওপর আঘাত করেন। বাড়ির অন্য লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই তিনি মারা যান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে  গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার এবং পুষ্প বেগমকে আটক করে। এর আগেই আবদুল হালিম পালিয়ে যায়।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ হত্যা করা খুবই দুঃখজনক। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।