জামালপুরের বকশীগঞ্জে মাদকের টাকা দিতে না পেরে অবশেষে অতিষ্ঠ হয়ে ছেলে আনোয়ার হোসেনকে পুলিশে দিলেন মা। পরে তাকে ৬ মাসের দণ্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউপির বিনোদেরচর গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন বিনোদরচর গ্রামের রুহুল আমিনের ছেলে।মা মনোয়ার বেগম বলেন, দীর্ঘদিন ধরে মাদকের জন্য চাপ দিতে থাকে আনোয়ার। টাকা না দিলেই ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ভেঙে ফেলে। শনিবার সকাল থেকেই টাকার জন্য চাপ দিতে থাকে। টাকা না দেয়ায় ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।খবর পেয়ে বকশীগঞ্জের ইউএনও মুনমুন জাহান লিজা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জামালপুর জেল হাজতে প্রেরণ করেন।বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।