আপডেট নিউজ ডেস্ক:: ২০১৮ সালে কলঙ্কজনক নির্বাচনের কারণে বিশিষ্টজনেরাও এখন নির্বাচন কমিশনের পরিবর্তন চায়-এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

যে ৪২ বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশন নিয়ে বিবৃতি দিয়েছেন তাদের এখন বিএনপি বানানোর চেষ্টা করা হচ্ছে। যখনই কেউ সত্য কথা বলে তখনই তাকে বিএনপি বানানোর চেষ্টা করা হয়। এটাই আওয়ামী লীগের চরিত্র বলে মন্তব্য করেনে মির্জা ফখরুল।

শুধু ক্ষমতায় থাকতে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বর্তমান সরকার এমন অভিযোগও করেন তিনি।

সীমান্ত হত্যা বন্ধের প্রতিবাদে বিএনপির কর্মসূচী হিসেবে জেলায় ও মহানগর কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো পোষাক ও ব্যাচ ধারণ কর্মসূচী পালন করছে বিএনপি। বিএনপির অবস্থান ভারত সরকার কিংবা ভারতীয় জনগনের বিরুদ্ধে নয়, কিন্তু সীমান্ত হত্যা, পানির ন্যায্য হিস্যা নিয়ে কথা বলার পক্ষে বিএনপি।

সরকারের কাছে প্রশ্ন কোন বাংলাদেশের স্বার্থে সীমান্ত হত্যা ও পানির বিষয়ে ভারতকে কেন কোন প্রশ্ন করতে পারেনা?বিএনপি এখনো অত্যন্ত সুসংগঠিত আছে দাবি করে মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্রই যারা খেয়ে ফেলেছে তারা আবার বিএনপির গণতন্ত্র দেখতে আছে। ভুতের মুখে রাম নাম। নিজেদের দিকে তাকান।

ভবিষ্যতেও স্থানীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।