অনলাইন ডেস্ক:: পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগ্নের দায়ের কোপে মামা মুক্তার আলী(৬০) নিহত হয়েছেন। শনিবার (০২ জানুয়ারি ) বিকালে শার্শা উপজেলার অগ্রভূলাট গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নিহত মুক্তার চাঁদ আলীর ছেলে। খুনি মামুন (৩০) একই গ্রামের মাজহারুলের ছেলে। নাভারন সার্কেল এসপি জয়েল ইমরান তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ভাগ্নে মামুনের সঙ্গে মামা মুক্তারের দ্বন্দ চলছিল। এর জেরে শনিবার বিকালে ভাগ্নে মামুন দেশীয় ধারালো অস্ত্র দা দিয়ে মামা মুক্তারকে দায়ের কোপ দিলে তিনি গুরুতর জখম হন এবং সেখানেই মারা যান। অভিযুক্ত মামুন একাধিক হত্যা মামলার আসামী বলে জানা গেছে।
নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।