বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জের বউভাত অনুষ্ঠানে খাবারে মাংস কম দেওয়ায় এক ব্যক্তি খুন হয়েছেন। উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ রফিয়াদি গ্রামে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত আজহার মীর (৬৫) ওই এলাকার মৃত মৌজে আলী মীরের ছেলে ও বর সজীব মীরের চাচা।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে ওই গ্রামের মোতাহার মীরের ছেলে সজীব মীরের সঙ্গে বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে রুনা বেগমের বিয়ে হয়। দুদিন আগে রুনা বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি নেয়া হয় ও মঙ্গলবার বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনের বাড়ি থেকে ৪৮ জন আত্মীয় অনুষ্ঠানে অংশ নেন। খাবার খাওয়ার একপর্যায়ে মাংস কম দেওয়া নিয়ে কনে পক্ষের সঙ্গে বর পক্ষের আত্মীয়দের তর্ক হয়। এরপর দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

একপর্যায়ে কনে পক্ষের মারধরে বরের চাচা আজহার মীর ঘটনাস্থলে নিহত হন। চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ খান জানান, স্থানীয়রা কনের বাবা আবুল কালাম হাওলাদারসহ ওই পক্ষের ১০ জনকে ঘটনাস্থলে আটকে রাখা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কাউকে আটক করা হয়নি।