আপডেট নিউজ ডেস্ক::  কাজের উদ্দেশে প্রবাসে যাওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখন আমাদের দেশে কাজের যেমন অভাব নেই, খাবারেরও অভাব নেই আল্লাহর রহমতে। কাজেই এখন আর সোনার হরিণের পেছনে কেউ দয়া করে অন্ধের মতো ছুটবেন না। আপনারা নিবন্ধন করে তার মাধ্যমে যান, সেটিই আমরা চাই।

নারী শ্রমিকদের ক্ষেত্রে বিশেষ দৃষ্টি দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের মেয়েরা যারা বিদেশ যান, তাদের নিরাপত্তার বিষয়টি সবাইকেই লক্ষ্য রাখতে হবে। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে যারা কর্মরত বা বিদেশে কর্মী প্রেরণে যেসব সংগঠন আছে, তাদের আমি অনুরোধ করব– আপনাদের দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে। কারণ দায়িত্বটা আপনাদের ওপরে বর্তায়।