বরিশাল অফিস:: বরিশাল নগরীর ২৪নং ওয়ার্ডের ধান গবেষণাসংলগ্ন জিয়ানগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে ৩টি দোকান ও ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।ওই এলাকার বাসিন্দা আল-আমিনের বাড়িতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, আল-আমিনের ভাড়াটিয়া আবুল কালামের স্ত্রী দুপুরের রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির সব ঘরে। এতে মোট বসতঘর ও দোকানসহ মোট ৬টি ঘরের যাবতীয় মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। প্রায় আধাঘণ্টা সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সজিব। তিনি জানান, আলআমিনের বাড়ির দোকানসহ ৬ ঘরে আগুন ধরে যায়। এতে ঘরগুলোর যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে সবাই ঘর থেকে বেরিয়ে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।আগুনের সূত্রপাত জানতে চাইলে তিনি বলেন, আমাদের তদন্ত চলছে। তবে এখন কিছুই বলা যাবে না। ক্ষয়ক্ষতির বিষয় বলেন, প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
বাড়ির মালিক আল-আমিন বলেন, ভাড়াটিয়া আবুলের ঘরের গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আগুনের সূত্রপাত।