অনলাইন ডেস্ক:: ১২ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওই রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রোববার রাত সোয়া ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।ঘাট সূত্র জানিয়েছে, রোববার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাত ৯টার দিকে ঘন কুয়াশার কারণে নদী পথ ঝাপসা হয়ে আসে।
এতে দিকনির্দেশনামূলক বাতিতে সামনের কিছুই দেখা যাচ্ছিল না।তাই দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় শিবচরের বাংলাবাজার ঘাটে রো রো ফেরি এনায়েতপুরী পরিবহন লোড করে ঘাটেই নোঙর করে রাখে।এ ছাড়া উভয় ঘাট থেকে ছেড়ে আসা একাধিক ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখে। সোমবার সকালে কুয়াশা কিছুটা কমে এলে ফেরি চলাচল ফের শুরু হয়।বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশার পরিমাণ কমে এলে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক হয়।