অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে বিল্লাল হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনরাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তার বড় ভাই সোলাইমান অভিযোগ করেছেন। নিহত বিল্লাল হোসেন উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
নিহতের বড় ভাই সোলাইমান বলেন, বিল্লাল ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে নারায়ণপুর গ্রামের জামে মসজিদের কাছে কয়েকজন তাকে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে তারা ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ত্রিশাল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্ত করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ খুনি ধরতে অভিযান চালাচ্ছে।
নিহত বিল্লাল হোসেনের বিরুদ্ধে থানায় মোবাইল ফোন চুরির পাঁচটি মামলা রয়েছে বলে তিনি জানান।