বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার উত্তর রামনা গ্রামের মৃত্যু ইউসুফ খানের স্ত্রী মনোয়ারা বেগম (৫৮) ও তার মেয়ে পারুল বেগমকে (৩৫) প্রকাশ্যে পিটিয়ে আহত করেছেন সাবেক চেয়ারম্যান।জমি নিয়ে বিরোধের জেরে রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার ৩নং রামনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জমাদ্দার ও তার সহযোগী রাজু জমাদ্দার তাদের পেটান।
গুরুতর আহত ওই নারীদ্বয় চিকিৎসা নিতে হাসপাতালে আসার চেষ্টা করলেও হামলাকারীদের বাঁধায় হাসপাতালে যেতে পারেননি। অবশেষে ৯৯৯ নম্বরে কল করলে হামলার ৭ ঘণ্টা পর রাত ৯টায় বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের কবল থেকে তাদেরকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
জানা যায়, উপজেলার ৩নং রামনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জমাদ্দার ও তার সহযোগী রাজু জমাদ্দার রোববার দুপুর দেড়টায় একটি গোয়ালঘর উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে মনোয়ারা বেগম ও তার মেয়ে পারুল বেগমের ওপর এ হামলা চালায়। পরে ওই দিন সন্ধ্যায় ৯৯৯ নাইনে কল পেয়ে বামনা থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তারা বর্তমানে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন বামনা থানার ওসি মো. হাবিবুর রহমান।গুরুতর আহত পারুল বেগম বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তিতে একটি গোয়ালঘর নির্মাণের সময় সাবেক চেয়ারম্যান নজরুল ও তার সহযোগী রাজু এসে বাঁধা দেয়। তাদের দাবি ওই সম্পত্তি তাদের। অথচ আমরা বিগত ৫০ বছর ধরে ওই সম্পত্তি ভোগদখল করে আসছি।
তিনি বলেন, রোববার দুপুরে সাবেক চেয়ারম্যান ও তার সহযোগী রাজু এসে এলোপাথাড়ি আমাদের পিটাতে থাকে। তাদের হামলায় আমার ও মায়ের মুখমণ্ডল ও বুকে প্রচণ্ড আঘাত পাই। আমরা হাসপাতালে আসতে চাইলেও দুই দুইবার তারা দুজনে আমাদের গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেয়। পরে ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা চাই। এর পর পুলিশ এসে আমাদের উদ্ধার করে রাতে হাসপাতালে ভর্তি করান। এ সময় হাসপাতালে এসেও ওই সাবেক চেয়ারম্যান আমাদের হুমকি-ধমকি প্রদান করেন।খোঁজ নিয়ে জানা গেছে, নজরুল ইসলাম জমাদ্দার ও তার সহযোগী রাজু জমাদ্দার এরপূর্বে একাধিক হামলার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে জোড় লবিং চালাচ্ছেন।