বরিশাল প্রতিনিধি: দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র কেন্দ্রীয় বিএনপি মৎস্য বিষয়ক সম্পাদক আহসান হাবিব কামালকে শের-ই- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

মঙ্গলবার তিনি অসুস্থ হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মানবেন্দ্র সরকার। এর আগে বেশ কয়েকদিন ধরে তিনি কিছুটা অসুস্থ থাকায় কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তবে কারা কর্তৃপক্ষ বলছেন, কারাগারে প্রবেশের আগ থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত সাবেক এই মেয়র।ডা. মানবেন্দ্র সরকার বলেন, আহসান হাবিব কামালকে দেখে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষাসহ বেশকিছু পরীক্ষা দেয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তার শারিরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার প্রশান্ত কুমার বণিক জানান, কারা হাসপাতালের চিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য মঙ্গলবার সকালে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।৪৫ লাখ টাকা আত্মসাতের মামলায় গত বছরের ৯ নভেম্বর বিএনপির নেতা ও সাবেক মেয়র আহসান হাবিব কামাল এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলামসহ পাঁচজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেয় বিভাগীয় স্পেশাল জজ আদালত। একই সঙ্গে আদালত সাবেক মেয়র কামাল এবং মো. জাকির হোসেন নামে এক ঠিকাদারকে ১ কোটি টাকা করে জরিমান করে।আহসান হাবীব কামাল বর্তমানে কারাগারে ফুল বাগানের মালির কাজ করছেন বলে জানা গেছে।