জুয়ার আসর থেকে গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ পাঁচ জুয়ারিকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।গতকাল বুধবার সন্ধায় সদর উপজেলার বানিয়ারচালা কাঠাল বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়ারচালা নাজমুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।।ওয়ান-টেন নামের জুয়ার আসরের মূলহোতা গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন (৪৫)। তিনি গোপনে রাজনীতির পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন সদরের বিভিন্ন স্থানে জুয়ার আসর চালাতেন। আটক অপর ব্যক্তিরা তার সহযোগী বলে জানা গেছে।
আটক অন্যরা হলেন- গাজীপুর মহানগর গাছা থানার খাইলকৈর এলাকার মৃত আমান উল্লাহর ছেলে লিটন (৪৩), বানিয়ারচালা গ্রামের আ. কাদিরের ছেলে ওসমান গনি (৩০), একই এলাকার মৃত. জাহাঙ্গীরের ছেলে নাজমুল আলম (৩৮), গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ডুবোরিয়া গ্রামের আ. রশিদের ছেলে শওকত (৫৫)।এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি মামুন আল রশিদ গণমাধ্যমকে জানান, আটক জুয়ারিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।