অনলাইন ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় গ্রেফতার বেলাল হোসেন ওরফে পাঙ্খা বেলালের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুর ১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত (কোম্পানীগঞ্জ) এর বিচারক মোসলেহ উদ্দিন নিজাম এই আদেশ দেন। এর আগে সকাল ১১টার দিকে আসামিকে আদালতে হাজির করে নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।সোমবার দুপুর পৌনে ২টার দিকে পিবিআই পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।তিনি আরো জানান, সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বেলালকে আদালত সোপর্দ করে পাঁচদিনের রিমান্ড চাইলে দীর্ঘ শুনানির পর আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। এই মামলার আসামি বেলালকে আদালত থেকেই রিমান্ডে নিয়ে গেছে বলে জানিয়েছে পিবিআই।
উল্লেখ্য, বেলাল হোসেন ওরফে পাঙ্খা বেলাল উপজেলার চরফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইব্রাহীমের ছেলে। গতকাল রোববার (৭ মার্চ) দুপুরে বসুরহাট বাজারের হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গত ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র কাদের মির্জার সমর্থকদের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থকদের সংঘর্ষ হয়। এতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মারা যান।