নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে অচিরেই শিল্পপার্ক তৈরি করা হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নের জন্য চেষ্টা করছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জাতীয় লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা-২০২১ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে টিপু মুনশী বলেন, লাইট ইঞ্জিনিয়ারিং জাতীয় প্রোডাক্টে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি করেছে। ভবিষ্যতে আরো উন্নয়নের সুযোগ রয়েছে। আমরা জায়গার সন্ধান করছি। উপযুক্ত জায়গা পেলেই শিল্পমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে শিল্পপার্কের ব্যবস্থা করবো।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট প্রমোশন বিজনেস কাউন্সিল ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি গাজীপুর জেলা শাখা তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি গাজীপুর জেলা শাখার সভাপতি মনির হোসেন নিজামী সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ, পশ্চিম থানার ওসি শাহ আলম, কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা প্রমুখ।