বরগুনা প্রতিনিধি::  উপজেলার ঘরে ঘরে ডায়রিয়া রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। ৭ দিনে দু’শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। রোগী সামাল দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

মঙ্গলবার দুপুর ১২টার পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসক ও নার্সদের রোগীদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান ডা. এমদাদুল হক চৌধুরী।

মঙ্গলবার আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, ৫০ জন শিশু ও বয়স্ক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে রোগীদের উপচেপড়া ভিড়। তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই। বারান্দার ফ্লোরে বিছানা পেতে রোগীরা চিকিৎসা নিচ্ছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী এন্টিবায়োটিক ও আইভি স্যালাইন না দেয়ার কথা অস্বীকার করে বলেন, ঋতু পরিবর্তনের কারণে প্রচুর ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতালের স্টোরে পর্যাপ্ত এন্টিবায়োটিক ও আইভি স্যালাইন রয়েছে।তিনি আরো বলেন, হাসপাতালে বেড নেই। তাই রোগীদের বারান্দায় বিছানা পেতে চিকিৎসা দেয়া হচ্ছে। ডায়রিয়া পরিস্থিতি মোকাবেলায় মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।