ফাইল ছবি

অনলাইন ডেস্ক:: রাজশাহীতে বড়ভাইকে গলা কেটে হত্যার পর তার ছোটভাই পালিয়ে গেছে। নিহত কিশোরের নাম সাকিব হোসেন (১৮)।শুক্রবার রাতে মহানগরীর উপকণ্ঠ হাড়ুপুর বাগানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।শনিবার সকালে প্রতিবেশীরা পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। এরপর পুলিশ সাকিবের গলাকাটা মরদেহ উদ্ধার করে।পুলিশ ধারণা করছে, ছোট ভাই শিমুল হোসেন (১৬) তাকে হত্যা করে পালিয়ে গেছে।

নিহত সাকিব হোসেনের বাবার নাম হেলিন। পেশায় তিনি একজন ট্রাকচালক। শুক্রবার রাতে তিনি ঢাকায় ছিলেন। আর সাকিবের মা তার ভাইয়ের বাড়ি বেড়াতে যান। রাতে বাড়িতে শুধু দুভাই ছিল। এখন শিমুলকে পাওয়া যাচ্ছে না।

কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, সাকিব এসএসসিতে ফেল করে আর পড়াশোনা করেনি। ছোট ভাই শিমুল অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তারা কোনো কাজও করত না। তবে সাকিব মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিল। তার বিরুদ্ধে থানায় একটি মাদকের মামলাও আছে।ওসি জানান, সকালে ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তারা ধারণা করছেন, ছোট ভাই শিমুল তার ভাইকে গলা কেটে হত্যা করে পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।এ নিয়ে নিহতের বাবা হেলিন ছোট ছেলে শিমুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।