নুরুল্লাহ ভূঁইয়া, চরফ্যাসন (ভোলা) :
ভোলার চরফ্যাসন পৌরসভার নতুন-দায়িত্বপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলরগণকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলো চরফ্যাসন পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ।
২৮ মার্চ এ উপলক্ষে এক বরণ সভার আয়োজন করে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন চরফ্যাসন শাখার নেতৃবৃন্দ। উক্ত সভায় নবনির্বাচিত পৌর মেয়র মোঃ মোরশেদকে চরফ্যাসন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উক্ত সংগঠনের সভাপতি মোহাম্মদ সোলায়মান,সহ-সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হুমুয়ুন কবির(জাফর) এর নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে নতুন দায়িত্বপ্রাপ্ত মেয়র মোঃ মোরশেদ বলেন, আধুনিক চরফ্যাসনের রূপকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম,পি মহোদয়ের নির্দেশনা অনুসরণের মধ্য দিয়ে নানান রূপে সজ্জিত চরফ্যাসন পৌর শহরের সৌন্দর্যকে ধরে রাখার পাশাপাশি পৌরবাসীর সার্বিক সুবিধা দিতে নিরলসভাবে কাজ করবো, ইনশাআল্লাহ। পরে পৃথক পৃথক ভাবে চরফ্যাসন পৌরসভার নয়টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরগণকেও ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
বরণ সভায় বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।