অনলাইন ডেস্ক :: সিলেট বিভাগের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে গেছে মঙ্গলবার (৩০ মার্চ)। আজও দেশের ৬টি বিভাগ ও দুটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়বৃষ্টি বা কালবৈশাখী বয়ে যেতে পারে।
বুধবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।