অনলাইন ডেস্ক:: বগুড়ার সোনাতলা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার সকালে সোনাতলা পৌর এলাকার বোচার পুকুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুরের ওসমান গনির ছেলে আশরাফুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী রুকছানা বেগম (৩৩)।
সোনাতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানা পুলিশ সোনাতলা পৌর এলাকার বোচার পুকুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে বোচার পুকুর মোড়ে রাজিব এন্টারপ্রাইজ দোকানের সামনে সকাল সাড়ে ১০টার দিকে আশরাফুল ইসলাম ও তার স্ত্রী রুকসানাকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আরো জানা যায়, গ্রেপ্তারকৃত স্বামী স্ত্রী আন্তজেলা মাদক ব্যবসায়ী।
বগুড়ার সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনাতলা থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আশরাফুলের নামে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা এবং রুকসানার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।