অনলাইন ডেস্ক:: নরসিংদীতে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছুরিকাঘাতে দুই কৃষক মারা গেছেন। আহত হয়েছেন আরও ১ জন। বুধবার দুপুরে মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল সগরিয়াপাড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন: চরাঞ্চলের সগরিয়াপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়া (৫০) ও আলী আজগর (৬৫)। গুরুত্বর আহত সেন্টু মিয়াকে ঢাকায় প্রেরন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানসিক ভারসাম্যহীন ইউনুসকে আটক করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল সগরিয়াপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়া বাড়ির অদূরে তার কৃষি জমিতে কাজ করছেলেন। এসময় একই গ্রামের মানসিক ভারসাম্যহীন ইউনুস আচমকা ছুড়ি দিয়ে তাকে এলোপাথারী কোপাতে থাকে। ফজল মিয়াকে কোপানোর পর পরে রাস্তার পাশে থাকা আজগার আলী ও সেন্টু মিয়াকে কোপাতে থাকেন।
পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। পরে তাদের প্রথমে স্থানীয় পল্লি চিকিৎসক ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানসিক ভারসাম্যহীন ইউনুসকে আটক করে।
সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার চৌধুরী বলেন, মানসিক ভারসাম্যহীন ইউনুসকে আটকের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সাথে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।