বরিশাল প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এক বিধবা নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে। এসময় মেয়েকে বাচাঁতে তার মা এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুত্বর আহত করা হয়।
নিহত রেহেনা বেগম শ্রীপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী ছিলেন। হামলায় আহত রেহেনা বেগমের মা নুর জাহান বেগম একই এলাকার আব্দুর রব হাওলাদারের স্ত্রী। হামলাকারী তামিম মল্লিক শ্রীপুর গ্রামের রহিম মল্লিকের ছেলে।

স্থানীয়রা জানান, রেহানা বেগম স্বামী আমির হোসেন বেশ কয়েক বছর আগে মারা যান। এরপর বাবা বাড়িতে মা নুর জাহান বেগমের সঙ্গে থাকতেন। তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী তামিম মল্লিকের সঙ্গে বিরোধ চলে আসছিলো। ৪-৫ দিন আগে ওই জমিতে তামিম মল্লিক যান। এসময় রেহানা বেগম জমি থেকে তামিম মল্লিককে বেড়িয়ে যেতে বলেন। এত ক্ষিপ্ত হয়ে তখন তামিম মল্লিক প্রতিবেশী রেহানা বেগমকে হত্যার হুমকি দেন।

পরে রোববার সন্ধ্যার পর হঠাৎ করে ধারালো অস্ত্র নিয়ে রেহানা বেগমের ওপর হামলা করেন তামিম মল্লিক। এসময় রেহেনা বেগমকে বাচাঁতে তার মা নুর জাহান বেগম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুত্বর আহত করা হয়। মা ও মেয়ে দু’জনই একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী তামিম মল্লিক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

আশেপাশের মানুষ মা ও মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রেহেনা বেগমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নুর জাহান বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, জমি বিরোধের কারণে এ হামলা চালানো হয়েছে। হামলার পরপরই অভিযুক্ত তামিম মল্লিক আত্মগোপন করেছেন। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।