অনলাইন ডেস্ক:: পুলিশের মুভমেন্ট পাস ব্যবহার করে হেরোইন পাচারের অভিযোগে মাদক কারবারী চক্রের সদস্য মো. সৌমিক আহম্মেদ সিদ্দিকের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর থানার টাউনহল মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য সৌমিককে গ্রেফতার করে র্যাব। তার কাছ ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, এই চক্র করোনা পরিস্থিতিতে মাস্কের ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা থাকায় মাস্ক/স্যানিটাইজার সাপ্লাইয়ের মুভমেন্ট পাস নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক বহন করে নিয়ে আসে এবং রাজধানীর বিভিন্ন মাদক কারবারিদের কাছে হস্তান্তর করে।গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কিনে কৌশলে ঢাকায় নিয়ে এসে সরবরাহ ও বিক্রয় করে আসছিল।