বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলা আড়িয়াল খাঁ নদের রফিয়াদি এলাকায় ৫০ মেট্রিক টন (৫০ কেজি ওজনের ১ হাজার বস্তা) চালসহ একটি ট্রলার স্থানীয় জনতা আটক করেছে। আজ শনিবার বেলা ২টার দিকে আড়িয়াল খাঁ নদের মীরগঞ্জ ফেরিঘাটের সংলগ্ন এলাকা থেকে ওই ট্রলারটি আটক করা হয়।
সরকারি সিল দেওয়া বস্তাভর্তি ওই চাল পাচার করা হচ্ছিল বলে স্থানীয়রা জানান। এ সময় ট্রলার চালক আব্দুস সাত্তারকে আটক করা হলেও তার তিন সহযোগী পালিয়ে গেছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, স্থানীয়রা ট্রলারটি আটকের খবর পেয়ে তিনিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তারা আটক ট্রলার চালক আব্দুস সাত্তারকে জিজ্ঞাসাবাদ করে ওই চাল কোথা থেকে কোথায় নেওয়া হচ্ছিল এবং পাঁচারের নেপথ্যে কারা তা নিশ্চিত হওয়ার চেস্টা করছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলার চালক আব্দুস সাত্তার জানিয়েছেন, মেহেন্দিগঞ্জ উপজেলা খাদ্য গুদাম থেকে ১ হাজার বস্তা চাল তার ট্রলারে তুলে দেওয়া হয়েছে মুলাদী উপজেলায় পৌঁছে দেওয়ার জন্য। মেহেন্দিঞ্জের পাতারহাট বন্দরের জনৈক জয়নাল মাঝি মেহেন্দিগঞ্জ খাদ্যগুদামের জাহাজ থেকে ১ হাজার বস্তা চাল তার ট্রলারে তুলে দিয়েছে। জয়নাল মাঝি মেহেন্দিগঞ্জ সরকারি খাদ্য গুদামের চাল ক্রয়-বিক্রয় চক্রের একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে।এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে এটা মেহেন্দীগঞ্জ উপজেলা খাদ্যগুদামের চাল। নদীপথে গুদামে উত্তোলনের পূর্বে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।