পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে প্রায় ২০ মণ নিষিদ্ধ হাঙ্গর ও একটি ট্রলার উদ্ধার করেছে কোস্ট গার্ড। ছোট সাইজের এসব হাঙ্গরের দাম আনুমানিক ২০ লাখ টাকা।
বৃহস্পতিবার গভীর রাতে পায়রাবন্দর সংলগ্ন রাবনাবাদ মোহনা থেকে এফবি মাহিয়া নামের ট্রলারটি থেকে হাঙ্গরগুলো উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে হাঙ্গরগুলো উপজেলা বন কর্মকর্তার কাছে হস্তান্তর করলে তা আন্ধারমানিক নদীর তীরে আগুনে পুড়িয়ে মাটি চাপা দেয়া হয়।

এ সময় উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম, রাবনাবাদ কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাবনাবাদ কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন জানান, জেলেদের ইলিশের জালে এই ছোট সাইজের হাঙ্গরগুলো ধরা পড়ে। প্রায় বিশ লাখ টাকার হাঙ্গর পুড়িয়া মাটিচাপা দেয়া হয়েছে। ট্রলার মালিকসহ জেলেদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।