পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১৫০০ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প। ওই পলিথিন ব্যবসার সঙ্গে জড়িত মনিকা রানী দে (৪০), আলী হোসেন বাচ্চু (৪৮) এবং আলী আজমকে (৪৫) এক লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান উজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন। পটুয়াখালী র্যাব-৮ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব ফরহান বলেন, মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারে নিষিদ্ধ পলিথিনের রমরমা ব্যবসা চলছে, এমন তথ্য র্যাবকে নিশ্চিত করে একটি সূত্র। ওই সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে র্যাব সদস্যরা অভিযান চালান। এ সময় ১৫০০ মণ পলিথিন জব্দ করা হয়; যার মূল্য আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা। এ সময় উল্লেখিত তিন ব্যক্তিকে অর্থদণ্ড দেয়া হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে সমাজকল্যাণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে এবং রিসাইকেলিং করে অসহায় দুস্থ প্রতিবন্ধীদের হস্তশিল্পের কাজে ব্যবহার করা হবে।