আপডেট নিউজ ডেস্ক: কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি হচ্ছে। গতকাল শুক্রবার দেশের অর্ধেকেরও বেশি অঞ্চলে ঝড়বৃষ্টি হয়েছে। সেই ধারাবাহিকতায় আজও দেশের ৮ বিভাগেরই বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, দেশের অধিকাংশ অঞ্চলে ঝড়বৃষ্টি হলেও দুএকটি অঞ্চলে এখনো দাবদাহ বয়ে যাচ্ছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙ্গামাটিতে (৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস)। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে (৭৩ মিলিমিটার)।