আন্তর্জাতিক ডেস্ক:  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট হামলায় ইসরায়েলে ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মে) রাতে চালানো রকেট হামলায় ইসরায়েলের লোদ শহরে দুইজন নিহত হলে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ছয়জনে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার রাতে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফের ইসরায়েল অভিমুখে রকেট হামলা চালায় হামাস। এসব রকেটের কয়েকটি ইসরায়েলি শহর লোদে আঘাত করলে দুই ব্যক্তি নিহত হন। এর মাধ্যমে গত তিন দিনে হামাসের রকেট হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। এদিকে রকেট হামলার পর লোদ শহরে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল।

কয়েকটি সংবাদে বলা হয়েছে, লোদ শহরে রকেট হামলায় নিহত ওই দুই ব্যক্তি হলেন- শহরের স্থানীয় এক নারী ও তার সাত বছর বয়সী শিশু সন্তান।হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি… গাজার আবাসিক এলাকায় শত্রুর হামলার জবাবে আমরা তেল আবিব ও এর আশপাশে ১৩০টি রকেট দিয়ে এ যাবতকালের বৃহত্তম হামলা চালিয়েছি।’

হামাস বলেছে, তারা মাত্র ৫ মিনিটে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহর ও বন্দরনগরী এশদুদে ১৩৭টি রকেট নিক্ষেপ করেছে। সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরায়েল তার আগ্রাসন বন্ধ না করলে দেশটির জন্য আরও বিস্ময় অপেক্ষা করছে।

এদিকে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার ভোরে গাজার একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইহুদিবাদি সেনারা। হামলায় এখন পর্যন্ত দশ শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া বহুতল ভবন ধ্বংস হয়েছে। সোমবার আল আকসায় ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে হামলা চালায় হামাস। তারপরই গাজায় ধারাবাহিকভাবে গাজায় বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল।