অনলাইন ডেস্ক:: বগুড়ার সোনাতলায় পৈতৃক সম্পত্তির ভাগ দাবি করায় স্কুলশিক্ষিকা রোকসানা খাতুনকে (৩৩) মারপিটের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন বড়ভাই শিক্ষক গোলাম রব্বানী ও তার স্ত্রী পপি বেগমের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বালুয়া ইউনিয়নের দক্ষিণ আটকড়িয়া গ্রামে এ ঘটনায় ভিকটিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে তিনি ‘৯৯৯’ নম্বরে ফোন দিয়ে নিজেকে রক্ষা করেন। ওসি রেজাউল করিম রেজা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও এলাকাবাসী জানান, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়া রোকসানা খাতুন সোনাতলা উপজেলার দক্ষিণ আটকড়িয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজের মেয়ে। তিনি স্থানীয় শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ভাই গোলাম রব্বানী কাতলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
নির্যাতনের শিকার শিক্ষক রোকসানা খাতুন জানান, তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। ২০১৭ সালে বাবা মারা যাওয়ার পর থেকে বড়ভাই গোলাম রব্বানী ও ছোটভাই গোলাম রসুল ৪-৫ বিঘা জমি ভোগদখল করতে থাকেন। বাবা বেঁচে থাকতে বড়ভাই অন্যত্র থাকতেন।
বাবার মৃত্যুর পর তিনি বাড়িতে এসে উঠেন। এরপর তার ওপর নির্যাতন শুরু হয়। দুই ভাই মৌখিকভাবে ১১ শতকের বাড়ি ও জমিগুলো ভাগ করে নেন। শিক্ষক রোকসানা বাবার বাড়ি থেকে স্কুলে যাতায়াত করায় দুই ভাই তাকে বের করে দেওয়ার চেষ্টা করে। কিছুদিন আগে এক ভাই তার বাথরুম বন্ধ করে দিলে তিনি প্রতিবেশীর বাড়িতে প্রয়োজনীয় কাজ করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রোকসানা বাড়ির টিউবওয়েলে বাসনপত্র পরিষ্কার করছিলেন। এ সময় ভাই গোলাম রব্বানী ও তার স্ত্রী পপি বেগম তাকে গালিগালাজ করতে থাকেন। তখন তিনি ভাইদের কাছে বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগ দাবি করেন।
আর সম্পত্তি দিলে তিনি অন্যত্র চলে যাবেন বলে তাদের জানিয়ে দেন। এ কথা বলায় ভাই গোলাম রব্বানী ও ভাবি পপি বেগম ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করেন। গলায় বঁটি দিয়ে আঘাত করলে অল্পের জন্য বেঁচে যান। একপর্যায়ে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেন তারা।
এ ঘটনায় পুলিশের সহায়তা নিতে চাইলে বাড়ির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে তাকে হুমকি দেওয়া হয়। রোকসানা খাতুন বাধ্য হয়ে ‘৯৯৯’ নম্বরে ফোন দিয়ে সহায়তা চান। সকাল ১০টার দিকে সোনাতলা থানার এসআই আবদুর রহিম বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।
রোকসানা দাবি করেন, থানায় অভিযোগ না দিতে তাকে চাপ দেওয়া হলেও তিনি তা শোনেননি। সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, ঘরের জানালার কাছে মাথার কাটা চুল পাওয়া গেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।