অনলাইন ডেস্ক:: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইলে মেগাবাইট (এমবি) কেনার জন্য টাকা না দেওয়ায় মামুন (১৪) নামের কিশোরের আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় উপজেলার উপাদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর একই উপজেলার উত্তর দিঘল গ্রামের মৃত মিজানুর রহমান প্রধানের ছেলে। নানার বাড়ি উপাদী গ্রামে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে জানা যায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবইল ডাটা কিনতে মায়ের কাছে টাকা চায় মামুন। তার মা টাকা না দেওয়ায় অভিমানে ঘরের আড়ার সঙ্গে বিদ্যুতের তারের সাহায্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মামুনের মা কমলা বেগম বলেন, ‘আমার ছেলে মোবাইলে এমবি কেনার জন্য টাকা চায়। তখন ছেলেকে বলি, আমার কাছে টাকা নেই। আমার কাছে যা আছে (টাকা) তা দিয়ে ঢাকা যেতে হবে।’জানা গেছে, মামুনের মা পোশাক কারখানায় সামান্য বেতনে চাকরি করেন। ঈদের ছুটিতে মামুন তার মায়ের সঙ্গে নানার বাড়িতে আসে। বেতনের টাকা খরচের পর তার মায়ের হাতে এক হাজার টাকা ছিল।মামুনের নানা বাচ্চু গাজী বলেন, ‘তিন বছর আগে তার (মামুনের) বাবা মিজানুর রহমান প্রধান স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যা করেন। এরপর থেকে আমার মেয়ে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। মামুনসহ তিন সন্তানকে নিয়ে সেখানে একটি ভাড়া বাসায় থাকেন।’ মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’