অনলাইন ডেস্ক:: ফরিদপুরের সালথা-নগরকান্দা উপজেলায় ঘূর্ণিঝড়ের আঘাতে ৫-৬টি গ্রামের শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজারো গাছপালা ভেঙে গেছে এবং উপড়ে পড়েছে। কয়েক একর জমির পাট বিনষ্ট হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে দুই উপজেলার প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যায়।

দক্ষিণ-পশ্চিম থেকে ধেয়ে আসা এক মিনিটের ঘূর্ণিঝড়ে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দি, রাহুতপাড়া, মেহেরদিয়া ও নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর, বিবিরকান্দি ও মেহেরদিয়া গ্রামের প্রায় দেড় শ ঘরবাড়ি বিধ্বস্ত হয়। হাজারো গাছপালা উপড়ে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

খবর পেয়ে আজ সকালে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, সালথার ইউএনও মোহাম্মদ হাসিব সরকার, নগরকান্দার ইউএনও জেতি প্রু ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।