বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলায় খেলতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে যাওয়া দুই বছরের শিশু আরিফার লাশ ৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কাঁঠালতলী ৩ নম্বর ওর্য়ার্ডের খালের ৫ কিলোমিটার দূর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।এর আগে সকাল ১০টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের দক্ষিণ কাঁঠালতলী ৩ নম্বর ওয়ার্ডের খালে পড়ে নিখোঁজ হয় আরিফা।
আরিফা একই গ্রামের আরিফ হাওলাদারের মেয়ে।আরিফার দাদা মোজাম্মেল হাওলাদার জানান, আরিফা তার মায়ের কাছ থেকে সকালের ভাত খেয়ে খেলতে যায়। এ সময় পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ও জোয়ারের পানিতে তীব্র স্রোত শিশুটিকে ভাসিয়ে নিয়ে যায়।এদিকে এ ঘটনার পর পাথরঘাটা স্টেশন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বরিশাল থেকে ডুবুরি দলকে খবর দেয়।
বিকাল ৫টার দিকে ডুবুরিরা তল্লাশি শুরু করে। সন্ধ্যায় আরিফার মরদেহ উদ্ধার করা হয়।ঘটনার পরপরই পাথরঘাটা থানার ওসি আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেন।