আপডেট নিউজ ডেস্ক::ভোরেই তুমুল বৃষ্টি ভিজলো রাজধানী। প্রথমে কানফাটা মেঘের গর্জন তারপর শুরু হয় আকাশভাঙা বৃষ্টি। মঙ্গলবার (১ জুন) সকাল পৌনে ৭টার দিকে বৃষ্টি শুরু হয়।

এর আগে ভোর সোয়া ৫টার দিকে বৃষ্টি হয়। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। খানিক সময়ের জন্য ছুটি নিয়ে আবারো নেমে এলো বৃষ্টি। তবে এবারের বৃষ্টি নগর জীবনে স্বস্তি নিয়ে আসে।

তুমুল বৃষ্টিপাতের কারণে আলোর স্বল্পতায় হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায় যানবাহনকে। অনেক এলাকায় সড়কে জমেছে পানি। তলিয়ে গেছে রাজধানীর অনেক রাস্তা। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। অনেক রাস্তায় পানির পরিমাণ এতটাই বেড়েছে যে গাড়ি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ফলে কর্মজীবী ও অফিসগামী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

অন্যদিকে, বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় ​নিম্ন আয়ের এবং ফুটপাথে থাকা মানুষগুলোকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছিলো।