ভোলা প্রতিবেদন: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট অতি জোয়ারে ভেসে আসা দুই হরিণ শাবক অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার সকালে ভোলার মনপুরা উপজেলার চরনিজাম এলাকার কেওড়া বনে অবমুক্ত করা হয় হরিণগুলো।
কালকিনি বিট কর্মকর্তা এসএম আমির হামজা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘনা নদীর পানি বৃদ্ধি পেয়ে জোয়ারে প্লাবিত হয় চরনিজাম এলাকার হরিণের বাসস্থান কেওড়া বন। এতে গত বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানিতে ভেসে আসে ৫ মাস বয়সী একটি পুরুষ ও ৮ মাস বয়সী একটি মায়া হরিণ। অনেকক্ষণ পানিতে থাকায় হরিণ শাবক দুইটি অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় কেওড়া বনে আমাদের টহলরত কর্মীরা শাবক দুটি উদ্ধার করে অফিসে নিয়ে আসেন। পরে আমরা হরিণ দুটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করি।
তিনি আরও জানান, চরনিজামের কেওড়া বনে জোয়ারের পানি না কমায় এবং বৈরী আবহাওয়া থাকায় আমরা হরিণ দুটিকে বিলম্ব করে অবমুক্ত করেছি। জোয়ারের পানি কমে যাওয়ায় এবং আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সোমবার সকালে কালকিনি চরের (চরনিজাম) কেওড়া বনে অবমুক্ত করা হয়।