ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। নিহতের নাম মো. রাশেদ হোসেন (১৯)।

স্থানীয়রা জানান, মো. রাশেদ রাতে বাংলাবাজার থেকে মোটরসাইকেলে দৌলতখান এলাকায় তার নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় দৌলতখানের মৃদ্দারহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভোলাগামী মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে গুরুতর আহত রাশেদকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দৌলতখান থানার ওসি মো. বজলার রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে।