বরগুনার বামনা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এর আয়োজনে বরগুনার বামনায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে খামারে প্রতিপালন করা বিভিন্ন প্রজাতির পশু ও সৌখিন পাখি স্থান পেয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় সরকারি বামনা সারওয়ারজান পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রদর্শনীর উদ্বোধন করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, সদও ইউপি চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগির, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সায়েম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নাসির মোল্লা প্রমূখ।
প্রদশর্নীতে ২০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার গাভী খামারিরা তাদের খামারে উৎপাদিত উন্নত মানের গাভী, ছাগল, ভেড়া, দুম্মা, ঘোড়া, কবুতর, হাঁস, মুরগি ও সৌখিন প্রাণি বিড়াল, খরগোশ, টিয়া, ময়না নিয়ে আসেন।
এ বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সায়েম বলেন, বামনা উপজেলায় অনেক খামারি রয়েছেন যারা বিভিন্ন জাতের পশু পালন করে অর্থনৈতিক সাফল্য পেয়েছেন। দেশে হাঁস-মুরগির ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তাই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌঁছে দিনে পারি সেটাই আমাদের লক্ষ্য।