অনলাইন ডেস্ক:: মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বাবনাতলা গ্রামে পাওনা টাকা না দেওয়ায় এক গ্রাম পুলিশকে (চৌকিদার) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. আজিজুল হক ওই এলাকার আবদুর লতিফ চৌকিদারের ছেলে।

জানা গেছে, সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের গিয়াস উদ্দিন সিকদারের কাছ থেকে এক লাখ ৬০ হাজার টাকা ঋণ নেন আজিজুল হক। সম্প্রতি আজিজুল হক ধারের ৮০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৮০ হাজার টাকার জন্য গিয়াস উদ্দিন বেশ কয়েকদিন ধরে আজিজুলকে নানাভাবে চাপ দিতে শুরু করে। কিন্তু আজিজুল পাওয়া টাকা না দেওয়ায় তার ওপর ক্ষিপ্ত হন গিয়াস উদ্দিন।

এর জের ধরে বুধবার রাতে চরগোবিন্দপুর থেকে আজিজুল হক তার বোনের বাড়ি বাবনাতলা যাওয়ার পথে গিয়াসউদ্দিন ও তার ছেলে শান্তসহ ৬/৭ জন মিলে আজিজুলকে বেদম মারধর শুরু করে। আজিজুলের চিকিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহত অবস্থায় আজিজুলকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার পর থেকেই গিয়াস উদ্দিন ও তার ছেলে পলাতক রয়েছে।

নিহত আজিজুলের ভগ্নিপতি মো. ওয়াহেদুল ইসলাম বলেন, ‘পাওয়া টাকা দিতে দেরি হওয়ায় গিয়াস ও তার লোকজন ভাইজানকে পিটিয়ে মেরে ফেলেছে। যারা আমার ভাইজানকে খুন করেছে তাদের বিচার চাই।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, গ্রাম পুলিশের লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।