নিজস্ব প্রতিবেদক: রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগের কথা বিবেচনা করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ৯টি খাবার হোটেল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নগরীর অন্য সব খাবার হোটেল ও রেস্তোরাঁ বন্ধ থাকবে।

রোববার (৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এ তথ্য জানান।

এর পরপরই মেডিকেলের সামনের ৯টি খাবার হোটেল মালিককে সিদ্ধান্তের বিষয়টি কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়।

করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় গত শুক্রবার (২ জুলাই) জেলা করোনা প্রতিরোধ কমিটির যৌথসভায় নগরীতে খাবার হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর শনিবার সকাল থেকে মেডিকেলের সামনের ৯টিসহ নগরীর সব খাবার হোটেল ও রেস্তোরাঁ বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন মেডিকেলে চিকিৎসাধীন সহস্রাধিক রোগী ও তাদের স্বজনরা।বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, করোনা প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা পর রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনদের দুর্ভোগের কথা বিবেচনা করে মেডিকেলের সামনের খাবার হোটেলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নগরীর অন্য সব খাবার হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে।