গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অভিনব কায়দায় একটি প্রাইভেটকারে জীবন্ত চারটি গরু চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পথে পুলিশের সিগনাল পেয়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে গেছে চালক। পরে সেখান থেকে দু’টো গরু জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা।

জানা যায়, পুলিশের সিগনাল পেয়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায় চালক। ফেলে যাওয়া গাড়িটি রোড ডিভাইডারে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যায় একটি গরু। গুরুতর আহত আরো একটি গরুকে ঘটনাস্থলেই জবাই করে পুলিশ। অপর দু’টি গরু উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়া হয়।

পুলিশ জানায়, গরুগুলো চুরি হয়েছে জেলার কাপাসিয়া উপজেলা থেকে।

চেকপোস্টের দায়িত্বে থাকা টঙ্গী পূর্ব থানার এএসআই আব্দুল আলিম সরকার জানান, গুরুতর আহত একটি গরুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কসাই ডেকে ঘটনাস্থলেই সেটিকে জবাই করা হয়। ফোনে গরুর মালিকের অনুমতি নিয়ে গোশত বিক্রি করে দেয়া হয়। গোশত বিক্রির টাকায় প্রাইভেটকার স্থানান্তরের জন্য রেকার বিল পরিশোধ করা হয় এবং বাকি টাকা গরুর মালিককে ফেরত দেয়া হয়।

জিএমপি টঙ্গী পশ্চিম থানার ওসি জাবেদ মাসুদ জানান, সোমবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা বাঁশপট্টি এলাকায় চেকপোস্টে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে থামার জন্য সিগনাল দেয়া হয়। চালক সিগনাল অমান্য করায় গাড়িটিকে ধরার চেষ্টা করে পুলিশ। ধাওয়া খেয়ে চালক চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় রোড ডিভাইডারে ধাক্কা লেগে একটি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং একটি গরু গুরুতর আহত হয়।

এ ব্যাপারে কাপাসিয়া থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।