নিজস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মঞ্জু নাজনীন রোজী (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) আজ রবিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় বাদ আসর জানাযা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি বরিশালে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার সেখানে জানাযা শেষে তাকে দাফন করা হবে। নাজনীন রোজীর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়ায়।
অ্যাডভোকেট মঞ্জু নাজনীন রোজী ১৯৯১ সালের ৭ জুলাই ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। তিনি ওই সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক। তিনি স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। তিনি ১৯৯৬ সালের ২৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি পান। পরের বছর ১৯৯৭ সালের ৩০ জুলাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।